নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে পাচারের সময় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে বারইপাড়া ফেরিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় একটি ভ্যান ও ট্রাক্টরে থাকা ৯ ব্যারেল থেকে ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মাউলী গ্রামের পিন্টু শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর প্রায় এক ঘণ্টা পর কলবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। সেখানে একটি ট্রাক থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তেলমালিক যোগানিয়া গ্রামের খায়রুল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, জব্দ করা তেল খুলনার ডুমুরিয়া ও হরিণটানা এলাকা থেকে এনে কালিয়ায় মজুত করা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তেল জব্দ করে কালিয়া ফিলিং স্টেশনের জিম্মায় রাখা হয়েছে। পরে এসব তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।