রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লটমনি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) নামে দুই ভাই-বোন আগুনে পুড়ে মারা যায়।

তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান। তাদের বাবা-মা উভয়েই ওই ব্রিকস ফিল্ডের শ্রমিক।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।