সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নতুন কোনো সিন্ডিকেট যেন গড়ে না ওঠে এবং জ্বালানি পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশ্ব পরিস্থিতি যদি একইভাবে অব্যাহত থাকে, তাহলে আগামী দিনে দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।

শফিকুর রহমান আরও বলেন, এ সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।