রাজধানীর সায়েন্স ল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই মোটরসাইকেল আরোহী, একটি সিএনজিচালিত অটোরিকশার চালক এবং এক যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহী দুজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার রাতে নিউমার্কেট থানার সায়েন্স ল্যাব মোড়ের সামনে একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেসের সামনে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী প্রাণ হারান।
রাত ১১টার দিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক পৃথক সময়ে চারজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত অটোরিকশার যাত্রী হারুন রহমান (৩২)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দশকাহানিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে রাজধানীর মহাখালী এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বৃষ্টি ও বোন হ্যাপি আহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক আলিম (৬৫) মধ্য বাড্ডা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে।