নওগাঁ জেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁর মহাদেবপুর উপজেলার বাটুলতলি মোড়ে নির্মাণাধীন পরিকল্পিত আম চত্ত্বরের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) চত্ত্বরের মূল আকর্ষণ হিসেবে সেখানে একটি দৃষ্টিনন্দন আমের ভাস্কর্য প্রতিস্থাপন করা হয়েছে।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান স্যার-এর উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পটি এলাকার সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার নান্দনিক পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগে আম চত্ত্বরটি ইতোমধ্যে একটি আকর্ষণীয় ও মনোরম স্থানে রূপ নিতে শুরু করেছে।
আমের ভাস্কর্য স্থাপনের মাধ্যমে চত্ত্বরটির নান্দনিকতা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মহাদেবপুরসহ নওগাঁ অঞ্চল আম উৎপাদনের জন্য সুপরিচিত হওয়ায় এই ভাস্কর্যটি স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এতে করে এলাকাবাসীর মধ্যে গর্ব ও আনন্দের অনুভূতি তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাটুলতলি মোড়টি একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল হলেও সেখানে এমন পরিকল্পিত ও নান্দনিক স্থাপনার অভাব ছিল। আম চত্ত্বর নির্মাণের ফলে যানবাহন চলাচল যেমন শৃঙ্খলিত হবে, তেমনি এলাকার সৌন্দর্য ও পরিচিতিও বহুগুণে বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চত্ত্বরটির অবশিষ্ট কাজ খুব শিগগিরই সম্পন্ন করা হবে। সব কাজ শেষ হলে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আম চত্ত্বরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
প্রতিবেদক সাজু.