রাজধানী ঢাকায় আজ শনিবার সকালেও গতকাল শুক্রবারের মতো ঘন কুয়াশা বিরাজ করছে। গতকাল দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও পরে আবার আকাশ মেঘলা হয়ে যায়। আজ রাজধানীর তাপমাত্রা গতকালের তুলনায় কমে যাওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দু–এক দিন ঢাকায় তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। বৃষ্টি না হলে কুয়াশা কাটার সম্ভাবনা কম। তবে আজ রাজধানীতে সূর্যের দেখা মিলতে পারে এবং গতকালের তুলনায় রোদ কিছুটা বেশি সময় স্থায়ী হতে পারে।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস, যা নওগাঁর বদলগাছি, পাবনা ও রাজশাহীতে রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। গত দুই দিন ধরে দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও রাজধানীতে আজ তা কমেছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, গতকাল রাজধানীতে সূর্যের আলো বেশিক্ষণ ছিল না। আজও একই পরিস্থিতি থাকায় তাপমাত্রা কিছুটা কমে গেছে। তবে দুপুরের দিকে ঢাকায় সূর্যের মুখ দেখা যেতে পারে।