ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে সম্মতি দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে চলমান অবরোধ কর্মসূচি আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা। তবে এনইআইআর সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব মোবাইল ফোন মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার রাত পৌনে ৯টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর দেওয়া আশ্বাসের পর এই সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা। তিনি বলেন, এনইআইআর সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনে খুব শিগগিরই বিটিআরসিতে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সমাধান আসবে বলে তারা আশাবাদী। তাঁদের প্রত্যাশা, আলোচনার সফল সমাপ্তির মধ্য দিয়ে মোবাইল ফোন বাজারে অচিরেই স্থিতিশীলতা ফিরে আসবে।