পরকীয়ার অভিযোগে ২৭ বছরের দাম্পত্যে ভাঙন, আদালতে বিচ্ছেদের আবেদন সংগীতার

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে জানা গেছে, পরকীয়ার অভিযোগের জেরে ২৭ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতা। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন দক্ষিণী তারকা বিজয় থালাপাতি। তবে বিষয়টি তিনি প্রথম জানতে পারেন ২০২১ সালে।

প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এই ঘনিষ্ঠতার জেরেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরে বলে দাবি সংগীতার। তার ভাষ্য, তৃষার সঙ্গে সম্পর্কের ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়, কিন্তু শেষ পর্যন্ত তা রাখেননি। বরং নিয়মিত বিদেশ সফরে গেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশ করেছেন।

সংগীতার দাবি, এ ঘটনায় তিনি অপমানিত বোধ করছেন। তাদের দুই সন্তানও পরিস্থিতির কারণে বিব্রত হচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে তাকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রেও হস্তক্ষেপের কথা উল্লেখ করেছেন সংগীতা। এতদিন নানা বিষয় মেনে নিলেও পরকীয়ার অভিযোগ আর মেনে নিতে পারছেন না বলেই আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আদালতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেন সংগীতা। এ আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ এপ্রিল।

এদিকে দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় এই তারকার ব্যক্তিগত জীবনের অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল তার সমর্থনে কথা বলছেন, অন্যরা সমালোচনায় সরব হয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় থালাপাতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার এই সিদ্ধান্ত তার রাজনৈতিক ভবিষ্যৎ, বিশেষ করে তামিলনাড়ু-র আসন্ন নির্বাচনে কী প্রভাব ফেলবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।