রাসেদুল ইসলাম রাসেল (স্টাফ রিপোর্টার)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতের ইসলামী প্রার্থীর সমর্থকদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের বিরুদ্ধে।

এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া বাদী হয়ে মঙ্গলবার বিকেলে যুগ্ম জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ আদালতে ও নারায়ণগঞ্জ জেলা রিটার্ণিং কর্মকর্তার কাছে এ অভিযোগ দায়ে করেন।

দায়েরকৃত অভিযোগ থেকে  জানা যায়, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ- সোনারগাঁও) আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সন্ত্রাসী কর্মী বাহিনী সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাফিরউদ্দিন মজনু, তার ভাই মোহন ও সুমন, জাইদেরগাঁও গ্রামের রূপচান, ইলিয়াসদী গ্রামের জাহাঙ্গীর, জহিরুল ইসলাম, রমজান, রুবেল, চরলাল গ্রামের মাসুম, তোফাজ্জল বেপারী, সুমন মাহবুব, আল আমিন, রেজাউল, কলাবাগ গ্রামের  ফারুক, চেঙ্গাকান্দি গ্রামের তারামিয়া, গিরদান গ্রামের নয়ন, সোহেল, খন্দকার আরিফ, রোকন, দৌলতপুর গ্রামের আলেক চানসহ নেতাকর্মীরা ৭টি কেন্দ্রের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছেন। 

এ ঘটনায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ার আংশকা রয়েছে বলে দাবি করেন জামায়াতে ইসলামীর এ প্রার্থী। অভিযোগে ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, চরলাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, নীলাকান্দা নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঈমানেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মারবদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অভিযোগ দায়ের করেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া জানান, বিএনপি প্রার্থীর লোকজন যেভাবে জামায়াতের নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছে সেই পরিস্থিতিতে সোনারগাঁওয়ের ১৪৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। শুধু সনমান্দি ইউনিয়নেই নয়, জামপুর ইউনিয়নের বাছাবো তিলাবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গোলজার হোসেন ও মোগরাপাড়া ইউনিয়নের কাইকেরটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লিটু ভোট কেন্দ্র দখল করবেন এমন আশংঙ্কা করছি। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত আজহারুল ইসলাম মান্নান বলেন, জামায়াত নির্বাচন বানচাল করার জন্য কেন্দ্রীয়ভাবে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে সোনারগাঁওয়ে তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ সত্য না।

নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আসিফ আল জিনাত বলেন, জামায়াতের ইসলামীর প্রার্থী মৌখিকভাবে অবগত করেছেন। তবে রিটার্নিং কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ আদালতে অভিযোগের বিষয়টি আমার জানা নেই।

নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ গুলো ইলেকশন ইনকোয়ারি কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অভিযোগে উল্লেখিত কেন্দ্র গুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হবে। তাৎক্ষণিকভাবে কাউকে অন্যায়ে সঙ্গে পাওয়া গেলে জেল জরিমানা করা হবে