বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির অর্থ পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছেন Ripon Knit Wear Limited–এর শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কারখানাটিতে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে শ্রমিকেরা বুধবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন। বিকেল ৫টার দিকে তাঁরা কারখানা ত্যাগ করেন। পরদিন সকাল ৮টায় শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কার্যক্রমে অংশ না নিয়ে পুনরায় কর্মবিরতি পালন করেন। এ সময় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের কথা–কাটাকাটি হয়।

কারখানার শ্রমিক সায়েদুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করলেও সময়মতো বিল পরিশোধ করা হয় না। রমজান মাসেও রাত ১১টা পর্যন্ত কাজ করতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, তিন মাসের বকেয়া নাইট বিলের মধ্যে এক মাসের বিল বৃহস্পতিবার পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু শ্রমিকেরা তা মানেননি। তাঁর দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু শ্রমিক কর্মকর্তাদের ওপর হামলা চালান এবং তাঁরা নিরাপত্তার জন্য কারখানা ত্যাগ করেন।