বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার বেলা তিনটার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শুরুর আগে উপস্থিত মুসল্লি ও শোকাহত মানুষের উদ্দেশে তিনি মায়ের জন্য দোয়া চান। এ সময় তারেক রহমান বলেন, “আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ বা পাওনা থেকে থাকে, তবে সংশ্লিষ্টদের তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। তিনি জানান, এসব দায় পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া খালেদা জিয়ার জীবদ্দশায় তাঁর কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে মরহুমার পক্ষ থেকে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

বেলা তিনটা তিন মিনিটে জানাজা শুরু হয়ে তিনটা পাঁচ মিনিটে শেষ হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।