নরসিংদীতে কিশোরী হত্যা: প্রধান আসামি নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার, মোট আটক ৭
অভিযুক্ত নূরা
নরসিংদীতে ধর্ষণের বিচার দাবি করায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
পুলিশ সুপার জানান, মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে এবং হযরত আলী নামে আরেক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, এই মামলায় গ্রেপ্তার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মামলার পাঁচ আসামি গ্রেপ্তারের তথ্য জানান। এ নিয়ে কিশোরী হত্যা মামলায় মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে, ১৫ দিন আগে বাসায় ফেরার পথে ওই কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার। বিচার চেয়ে তারা স্থানীয় সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহর কাছে গেলে কোনো সুরাহা না পেয়ে উল্টো এলাকা ছাড়ার পরামর্শ পান বলে দাবি করেন।
পরিবারের অভিযোগ, ইউপি সদস্যের কাছে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা গত বুধবার রাতে কিশোরীকে নিরাপদ স্থানে নিতে যাওয়ার সময় বিলপাড় এলাকা থেকে তার বাবার কাছ থেকে অপহরণ করে। পরদিন বৃহস্পতিবার সকালে একই এলাকার একটি সরিষা খেতে কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: আহত ৪ বাংলাদেশি প্রবাসী